দিদুভাই:
দাদু আজ তুমি আমায়
একটা কথা বলো
দিম্মা বলে তুমি নাকি
জন্মে থেকেই বুড়ো।
সবাই যখন সন্ধ্যাবেলায়
করছে মাতামাতি
তুমি তখন আপন মনে
দিচ্ছ যে সাঁজবাতি।
নতুন দেশ দেখতে তোমার
গায়ে যে আসে জ্বর
তোমার নাকি সবচেয়ে প্রিয়
তোমার পড়ার ঘর।
জিনিস পত্র কোনো কিছুই
নেই যে তোমার মন
একই সিনেমা দেখো বারেবার
শোনো না কোনো বারণ।
দিম্মা বলে খুবিই মুশকিল
তোমায় নিয়ে চলা
মাও দেখি দিম্মার সাথে
মেলায় যে তার গলা।
দাদু:
ঠিক বলেছ দিদুভাই
আমি জন্ম থেকেই বুড়ো
নিজেই ভাবি এমনটি
কেমন করে হলো।
ছোট্ট বেলায় বাবার হাত
ধরতে গিয়ে দেখা
জীবনের রাস্তায় আমি
দাঁড়িয়ে আছি একা।
সেদিন হঠাৎ কেমন
হয়ে গেলাম বড়
বাকি জীবনের যুদ্ধগুলো
করে দিলো বুড়ো।
পুরোনো বই, পুরোনো ছবি
তাই বারে বারে দেখি
খুঁজি ছোটবেলার দিন
যা দিয়েছিল ফাঁকি।
তুমিই আমার আনন্দের
এখন চাবিকাঠি
মাতাও আমায় তোমার তালে
করে তোমার খেলার সাথী।