এই জীবনে শিখে নাও
মাপ করে চলা
মাপা শাঁস মাপা হাসি
মেপে কথা বলা।
মাপা ফ্লাট মাপা মাঠ
মাপা ঘর বাড়ি
মাপা বোনা ঝাউ গাছ
মাপা ফুলের হাড়ি।
সকালের জগিং
করো তুমি মেপে
বেশি চাপ নিলে আবার
হৃদয় যাবে ক্ষেপে।
মেপে খেও ক্যালোরি
ডাল ভাত রুটি
মিষ্টি জীবন থেকে
করে দিও ছুটি।
মেপে নিয়ো ভালোবাসা
ছড়িয়ে দেয়ার আগে
ভুল মাপে দিলে
অনেক ব্যাথা পাবে।
এই মাপেই হোক
তোমার জীবন চলা
বেঁচে আছো কিনা
নাই বা হল বলা।